ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাগর বিশ্বাস (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।
গত ১২ অক্টোবর দুপুরে হরিনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন একটি ব্যক্তিগত গাড়িতে স্কুলের পোশাক পরা এক কিশোরীকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাদের আটক করে হরিনা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওই ছাত্রী চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আর সাগর বিশ্বাসের বাড়ি মাগুরা জেলা সদরের ছাঙ্গাভাঙ্গা এলাকায় বলে জানা গেছে।
হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, একটি ব্যক্তিগত গাড়িসহ স্কুলের পোশাক পরা ওই ছাত্রী ও যুবককে ফাঁড়িতে আনা হয়। তারা পুলিশকে জানিয়েছেন, মুঠোফোনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রীর মা মামলা করেছেন। উপপরিদর্শক ইকবাল বিষয়টি তদন্ত করছেন।
সূত্র: আরটিভি
