ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিকবিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কূটনীতি এবং দেশের প্রতিরক্ষা ও যুদ্ধ—উভয় পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে।
আল-আরাবি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গারিবাবাদি বলেন, নিউইয়র্কে ইরানের উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো উদ্বেগ ও মতামতের জবাব চূড়ান্ত করার কাজ করছে তেহরান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই সংলাপে অংশগ্রহণ অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।
এর আগে, রোববার রাতে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে দেশী-বিদেশী গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে এক সংবাদ সম্মেলনে গারিবাবাদি সাত দিনের পরিকল্পনা এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে কথা বলেন।
তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিকল্পনাটি সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মতামতও পাওয়া গেছে। সেগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। অভ্যন্তরীণ পর্যায়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একই মধ্যস্থতাকারী প্রক্রিয়ার মাধ্যমে ইরানের জবাব জানানো হবে।
গারিবাবাদি আরো বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়া এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতিগুলো পালনের ওপর।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ করা এই প্রক্রিয়ার একটি মৌলিক ও অবিচ্ছেদ্য শর্ত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরবর্তী যেকোনো পদক্ষেপও এর ওপর নির্ভর করবে।
সূত্র : পার্সটুডে
