দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জে দুজন ও খুলনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিিধদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: গতকাল বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকচালকসহ দুজন নিহত হন। নিহতরা হলেন ইজিবাইকচালক রিফাত (২০) ও যাত্রী শাহনাজ বেগম (৫৫)।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, রূপসী থেকে মৈকুলী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হন। পুলিশ কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করেছে।
মানিকগঞ্জ: শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বেলা পৌনে ১০টার দিকে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ইয়াসিন (২২) ও বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর অন্য যাত্রীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক গুরুতর আহত। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কে সেলফী পরিবহন বন্ধের দাবিতে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাদের দাবি, এর আগেও বহুবার বেপরোয়া গতির সেলফী পরিবহনের দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা পৌনে ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বরংগাইল হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ বাসটি জব্দ করেছে।
খুলনা: ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গিরপাড় এলাকায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা ট্রাকচালক জিন্নাত আলী (৪৫), বাসযাত্রী সাইফুল ইসলাম (২৬)।
খর্ণিয়া হাইওয়ে থানার এসআই মুন্সি পারভেজ আলম জানান, সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান। পরে উদ্ধারকাজ চালিয়ে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছিলেন।
