রাজধানীর শাহবাগে পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) আটতলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামিয়ার মামা মাসুদ আলম জানান, তার বোন পারুল আক্তার জরায়ুতে টিউমার নিয়ে পাঁচ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকালে পারুল ও তার পালক মেয়ে সামিয়া হাসপাতালের আটতলার ওয়ার্ডে কথা বলছিল। একপর্যায়ে ওয়ার্ডের জানালার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।
পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল সোয়া পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ আলম আরও জানান, দুই থেকে তিন বছর বয়সে সামিয়াকে পালক নিয়েছিলেন নুরুন্নবী ও পারুল আক্তার। সামিয়া তাদেরই নিজের বাবা-মা বলে জানত। সামিয়ার পালক বাবা নুরুন্নবীর বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।