শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে । গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন এ তথ্য নিচিত করেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসআই নিজাম উদ্দিন বলেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তার হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন।
মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানান নিজাম উদ্দিন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আলম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে আরও জানা যায়, আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ নিতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
