অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অলিপ বিশ্বাস (২৮) মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার জয়পাশা ব্র্যাক শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ময়েনদিয়া বাজারে ভাড়া বাসায় একা থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সহকর্মী ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ভেতর থেকে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও তার মুঠোফোন জব্দ করে পুলিশ।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, নিহতের মুঠোফোন পরীক্ষা করে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জুয়ায় হেরে দেনাগ্রস্ত হয়ে পড়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত চিরকুটে তিনি পরিবারের কাছে ক্ষমা চেয়ে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী। জীবনের পরাজয় মেনে নিতে না পেরে জীবন শেষ করলাম।’
