ইলন মাস্কের দুটি প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স একীভূত করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাস্ক নিজেই। তবে একীভূতকরণের শর্ত এখনো চূড়ান্ত হয়নি এবং এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদনও লাগবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেসএক্সের ত্রৈমাসিক আর্থিক ফলাফল নিয়ে বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় মাস্ক বলেন, “আমি কি মনে করি, এটি ভালো ধারণা? হ্যাঁ।”
তবে একীভূতকরণ নিশ্চিত ধরে না নেওয়ার আহ্বান জানান তিনি। মাস্ক জানান, দুই প্রতিষ্ঠানের বিশেষ কমিটি এ বিষয়ে আলোচনা করছে। কিন্তু কোনো লেনদেনের শর্ত নিয়ে এখনো সমঝোতা হয়নি এবং শেষ পর্যন্ত চুক্তি হবে কি না, তারও নিশ্চয়তা নেই। তার ভাষায়, দুই প্রতিষ্ঠানকে একীভূত করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং এতে অনেক কিছু অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
মাস্ক জানান, বিশেষ কমিটিগুলোর কোনোটিতেই তিনি নেই। দুই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হওয়ায় নিজেকে এ বিষয়ে স্বার্থের সংঘাত রয়েছে এমন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি। এমন সংযুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করাকেও তিনি ‘মাইনফিল্ডের মধ্যে নাচা’র সঙ্গে তুলনা করেছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেয়ারহোল্ডাররা বলে জানান মাস্ক। প্রস্তাবটি অনুমোদন পেতে টেসলার অন্তত ৫০ শতাংশ শেয়ারহোল্ডারের সমর্থন প্রয়োজন হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার বাজারমূল্য প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং স্পেসএক্সের মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে তা ইতিহাসের অন্যতম বৃহৎ করপোরেট সংযুক্তিতে পরিণত হতে পারে।
আলোচনা সামনে আসার পর বাজারেও এর প্রভাব দেখা গেছে। মঙ্গলবার বাজার বন্ধের পর লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ৮ শতাংশ বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে কিছুটা দরপতনের মধ্যে থাকা টেসলার শেয়ারের দামও ২ শতাংশ বেড়েছে। বুধবার টেসলার নিজস্ব ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।
রকেট ও মহাকাশযান তৈরি এবং স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার জন্য পরিচিত স্পেসএক্স এখন অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ক্লাউড কম্পিউটিং সক্ষমতা সরবরাহের ব্যবসাও সম্প্রসারণ করছে। অ্যানথ্রোপিক ও গুগলের মতো প্রতিষ্ঠান এ সেবা নিচ্ছে।
স্পেসএক্সের সর্বশেষ ত্রৈমাসিক ফলাফল অনুযায়ী, ক্লাউড কম্পিউটিং ব্যবসা থেকে আয় হয়েছে ৭৫০ কোটি ডলার এবং স্টারলিংক থেকে ৫২০ কোটি ডলার। তবু প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে এখনো লাভজনক নয়। চলতি বছর এখন পর্যন্ত স্পেসএক্সের লোকসান হয়েছে ১১০ কোটি ডলার।
এর আগেও বড় সিদ্ধান্তে মাস্কের পক্ষে সমর্থন দিয়েছেন বিনিয়োগকারীরা। গত বছর টেসলার অধিকাংশ শেয়ারহোল্ডার তার জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যমানের পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করেন।
স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেকের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য টেসলাকে ছাড়িয়ে যায়। এখন একীভূতকরণের আলোচনা এগোলে মহাকাশ, বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ প্রযুক্তির ব্যবসায় মাস্কের প্রতিষ্ঠানগুলো আরও সমন্বিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে দুই প্রতিষ্ঠানের আলোচনা ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের।
বিআলো/শিলি