ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) সাইবার হামলা হয়েছে। গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে ‘সিরিউসিম’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। ভারতের রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি গ্রাহকদের তথ্য
ফাঁসের কথা স্বীকারও করেছে। টাইমস অব ইন্ডিয়া।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া গতকাল জানিয়েছে, যেসব গ্রাহক এই তথ্য চুরির শিকার হয়েছেন, তাদের প্রত্যেককে ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এক বিবৃতিতে এসবিআই নিশ্চিত করেছে যে, গ্রাহকদের অ্যাকাউন্ট এবং তহবিল সম্পূর্ণ সুরক্ষিত আছে। গ্রাহকের সংখ্যার হিসাবে এই ব্যাংকের গ্রাহকের সংখ্যা ৫০ কোটির ওপরে।
সামাজিক মাধ্যম এক্স-এ সাইবার নিরাপত্তা মনিটরিং করে, এমন কোনো সংস্থা বা ব্যক্তি ‘সাইবারপালস৫৬’ নামে একটি হ্যান্ডল থেকে প্রাথমিকভাবে জানায় যে, একটি বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ঋণদাতা এই ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩ লাখ ৮০ হাজার তথ্য বিভিন্নভাবে বাইরে বেরিয়েছে বলে মনে
করা হচ্ছে। এই খবরের সত্যতা এখন পর্যন্ত আংশিকভাবে স্বীকার করেছে এসবিআই।
এখন দাবি করা হচ্ছে, তথ্য ফাঁসের শিকার এই ডেটাসেটে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, আবাসিক ঠিকানা, ঋণের আবেদন, সহায়ক নথিপত্র এবং আবেদনসংক্রান্ত অন্যান্য রেকর্ড রয়েছে। সাইবারপালস৫৬ প্রথম ১৬ অক্টোবর এই দাবি প্রকাশ করে জানায়, যে ধরনের তথ্য প্রকাশ্যে এসেছে, সে সম্পর্কে ‘সিরিউসিম’ এই বিষয়গুলো সামনে এনেছে।
তবে দাবি করা এই তথ্য ফাঁসের সত্যতা ও উৎস এখনও যাচাই করা হয়নি। এটিও স্পষ্ট নয় যে, ঠিক কতজন পৃথক গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে তদন্ত করে যাবতীয় তথ্য সামনে আনতে কিছুটা সময় লাগা স্বাভাবিক বলে সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা মনে করছেন।
সাইবারপালস৫৬ সতর্ক করে জানিয়েছে, এই ঘটনা যতটা গভীরে গিয়েছে বলে মনে করা হচ্ছে তা যদি সত্য হয়, তবে চুরি হয়ে যাওয়া তথ্য ব্যবহার করে পরিচয় চুরি করে ঋণের আবেদন করতে অপব্যবহার করা হতে পারে।
