বিএনপি সরকার হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, বরং দেশের অন্যান্য নাগরিকের মতো সমান অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের দুর্গাবাড়ি পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
গৌরীপুর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু প্রমুখ।
