মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ মিশনকে কিছু জানায়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জেদ্দা কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলেও তাঁদের বিচারপ্রক্রিয়া কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশনকে কোনো কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং আদালতের রায় সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
