দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা।
স্টাফ রিপোর্টার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা, ক্যারিয়ার গঠন, নৈতিকতা ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ছাত্র, শ্রমিক, শিশুসহ সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। নৈতিকতা ও আদর্শ বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নিজেকে সবার সামনে তুলে ধরতে হবে। সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, বিএনপি তাদের দেওয়া ইশতেহার নিজেরাই মানছে না। বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে নগর প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, কাদের নিয়োগ দেওয়া হবে, তা আগে জানানো হয় নি। অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা দেওয়া হয়েছে।
তিতুমীর কলেজ প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তির সমালোচনা করে তিনি বলেন, নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের আগে কলেজ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের একটি সুন্দর আয়োজন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়।
কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমসহ মহানগর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে তিতুমীর কলেজের অধ্যক্ষ ছদরুদ্দীন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের পাত্রি পূজা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ওই নিষেধাজ্ঞার মধ্যেই ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা পূর্বঘোষিত নবীনবরণ কর্মসূচি আয়োজন করে।
এদিকে, বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ অক্টোবর কলেজে নবীনবরণ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন।
