কালবেলা · রাজনীতি
মধ্যবর্তী নির্বাচন সামনে, ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়ছে মার্কিনিদের: জরিপ
১৮/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। দেশটির ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। একই সঙ্গে ট্রাম্পের কাজের প্রতি সমর্থন কমে তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন পরিস্থিতিতে চাপে পড়তে পারে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। খবর আনাদোলু এজেন্সির।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এনবিসি নিউজের এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ট্রাম্পের কার্যক্রমে সমর্থন জানিয়েছেন ৩৪ শতাংশ উত্তরদাতা।
বিপরীতে, তার কার্যক্রমের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৬৬ শতাংশ। এর মধ্যে ৫১ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের প্রতি তীব্র অসন্তোষ জানিয়েছেন, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ।
জরিপে দেখা গেছে, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ মার্কিন নাগরিকদের নেতিবাচক মনোভাবের অন্যতম প্রধান কারণ। ৩১ শতাংশ উত্তরদাতা অর্থনীতিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। গত এক বছরে নিজেদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ৪৪ শতাংশ।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। ৬৭ শতাংশ উত্তরদাতা পেট্রলের দামকে গুরুতর সমস্যা হিসেবে দেখছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ সামলাতে অনেকে বাজারের তালিকা পরিবর্তন করেছেন কিংবা অন্যান্য খাতে ব্যয় কমিয়েছেন বলেও জরিপে উঠে এসেছে।
এদিকে, আগামী মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকানদের জন্য চ্যালেঞ্জের ইঙ্গিত পাওয়া গেছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ ডেমোক্র্যাটদের কংগ্রেসের নিয়ন্ত্রণে দেখতে চান। বিপরীতে, রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ।
ট্রাম্পের নীতির প্রভাব নিয়েও নেতিবাচক মনোভাব দেখা গেছে। ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, তার নীতি দেশের ক্ষতি করছে। বিপরীতে, ২৮ শতাংশ মনে করেন, এসব নীতি দেশের উপকার করছে।
জরিপে জীবনযাত্রার ব্যয় সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল মাত্র ২৭ শতাংশ। ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনায় তার প্রতি সমর্থন ছিল ২৯ শতাংশ। তবে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে ৪৩ শতাংশ উত্তরদাতা তার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।
জরিপের ফল অনুযায়ী, অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে। মধ্যবর্তী নির্বাচনে এই জনমত রিপাবলিকানদের অবস্থানে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗