Published : 21 Oct 2026, 06:06 PM
Updated : 21 Oct 2026, 06:06 PM
মানুষের বৃদ্ধ বয়সে অবসর জীবনের সংকট ও পারিবারিক অবক্ষয়ের চিত্র নিয়ে মঞ্চে আসছে নাট্যদল ‘বহুবচন’ এর নাটক ‘অনিকেত সন্ধ্যা’।
বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির ৪৭তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাট্যকার চন্দন সেনের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন আরহাম আলো এবং পরিচালনায় রয়েছেন তৌফিকুর রহমান।
বার্ধক্যের জটিল বাস্তবতা ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন ঘিরে আবর্তিত এই নাটকে তুলে ধরা হয়েছে কীভাবে সমাজের জাঁতাকলে পড়ে প্রবীণদের শেষ বয়সটা অনিরাপদ ও একাকী হয়ে ওঠে।
নাটকটির কেন্দ্রীয় ভাবনা নিয়ে নির্দেশক আরহাম আলো বলেন, “আমাদের বর্তমান সমাজে বার্ধক্য যেন এক নিঃশব্দ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মানুষ যখন জীবনের সব দায়িত্ব পালন শেষে অবসরে যায়, তখন পরিবার ও সমাজে সে কীভাবে অবমূল্যায়িত হয়, সেই দৈনন্দিন বাস্তবতার প্রতিচ্ছবিই ‘অনিকেত সন্ধ্যা’।”
মানুষের মনের ভেতরের এই অনাকাঙ্ক্ষিত সংকট ও অভিশাপ সম্পর্কে সমাজকে সচেতন করাই এই নাটকের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।
