Published on
:
2 min read
এই সময়: আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু–তে ইরাকের আল শার্তোর কাছে হারের পর জয়ের সরণিতে ফিরতে আজ রবিবার আইএসএলে খেলতে নামছে ইস্টবেঙ্গল। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। আইএসএলে গোয়ার এই ক্লাব প্রথমবার খেললেও ভারতীয় ফুটবলে লাল হলুদের পুরোনো শত্রু। চার্চিল আইএসএলে মুম্বই সিটিকে হারিয়েই তাদের নয়া অভিযান শুরু করেছে। আইএসএল জয়ী ইস্টবেঙ্গল গোয়ার মাঠে এ দিনই তাদের অভিযান শুরু করেছে ট্রফি ধরে রাখার লক্ষ্যে।
আগের দুটো ম্যাচে লাল হলুদ টিমের দুটো সমস্যা প্রকট হয়েছিল। এক, ডিফেন্সে বোঝাপড়া কম। দুই, প্রচুর গোল করার সুযোগ নষ্ট করা।ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলি বলেছেন, ‘আমাদের ডিফেন্স বিদেশি জিভুলিচ নতুন। তাই ওর সঙ্গে মানিয়ে নিতে আমাদের একটু সময় লাগছে।’ যোগ করেন, ‘আল শার্তো ম্যাচে আমাদের ডিফেন্সের ভুল বোঝাবুঝিতেই গোল খেতে হয়েছিল।’ ইস্টবেঙ্গল কোচ আবাস অবশ্য আইএসএলের আগে টিমের প্রস্তুতিতে খুশি। বলেছেন, ‘চার্চিল অচেনা প্রতিদ্বন্দ্বী নয়। আমি ইন্টার কাশীর কোচ থাকাকালীন ওদের সঙ্গে আই লিগে খেলেছিলাম। গোয়ার মাঠে ওরা খুবই শক্তিশালী।’ আই লিগে ইস্টবেঙ্গল–চার্চিল শেষ বার মুখোমুখি হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ম্যাচটা শেষ হয়েছিল ১–১। এবারের ম্যাচে নজর থাকবে চার্চিলের বঙ্গসন্তান ডিফেন্ডার প্রভাত লাকরার দিকে। ইস্টবেঙ্গলের প্রাক্তনী কল্যাণীর প্রভাত মুম্বই সিটি ম্যাচে দারুণ খেলেছিলেন।
আইএসএলে জয় দিয়েই শুরু করতে চাইছেন আবাস। তিনি বলেছেন, ‘আমরা ডুরান্ড, লিগ, শিল্ড খেলার পাশাপাশি এসিএল–টুতে খেলার জন্য নিজেদের অনেক তৈরি করে ফেলেছি। তাই জিতেই শুরু করার ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।’ আবাসের বিদেশি তারকা রশিদ, লোবো, রামিরেস, ইকোনোমিডিসরা যেমন রয়েছেন, তেমনই গোল করার জন্য ভরসা যোগাচ্ছেন এডমুন্ড, ডেভিডরাও।
অন্য দিকে, প্রথম ম্যাচে জয় পেলেও চার্চিলের গ্রিক কোচ দিমিত্রিস দিমিত্রিউ বলেছেন, ‘হয়তো শুরুতে জয় পেয়েছি, কিন্তু টিমের খেলার আরও অনেক উন্নতি করতে হবে। আগের ম্যাচের পর্যালোচনা করার পরে নিজেদের ভুলটা ছেলেরা অনেকটাই শুধরে নিয়ে আশা করছি, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা আরও অনেক ভালো খেলব।’
