তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করা, বাউলসম্রাট লালন সাঁইয়ের স্মৃতি সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে একদিনে তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান, লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পুরস্কার ও অনুদান প্রদান করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে তরুণদের স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বাউল শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় লালন সাঁইয়ের দর্শন, মানবতাবাদী চিন্তাধারা ও সাংস্কৃতিক অবদান স্মরণ করা হয়।
এদিকে, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে পৌরসভার ১৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক নিজে অভিযানে অংশ নিয়ে কার্যক্রম তদারকি করেন এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে, স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা জোরদার হবে এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত সিরাজগঞ্জ গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।
The post সিরাজগঞ্জে একদিনে তিন কর্মসূচি, স্বেচ্ছাসেবা, লালন স্মরণ ও ডেঙ্গু প্রতিরোধে অভিযান appeared first on ভোরের চেতনা.
