কালবেলা · আন্তর্জাতিক
দূতাবাস খুলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে জড়াল কলম্বিয়া
১৪/১০/২০২৬

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছে কলম্বিয়া। বুধবার জেরুজালেমে দূতাবাস খুলেছে দেশটি। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও পুনর্বহাল করেছে নতুন সরকার। এর মধ্য দিয়ে গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সিদ্ধান্ত থেকে সরে এলেন বর্তমান প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।
জেরুজালেমে দূতাবাস খোলা দশম দেশ হলো কলম্বিয়া। বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলে তাদের দূতাবাস তেল আবিবে রাখে। ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছে। শহরটির মর্যাদা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম বিতর্কিত বিষয়।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ২০২৪ সালের মে মাসে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তৎকালীন কলম্বীয় প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও বারবার সমালোচনা করেন। ওই সময় তেল আবিবে কলম্বিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া হয় এবং রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়।
তখন কলম্বিয়ার এ সিদ্ধান্তের নিন্দা জানায় ইসরায়েল। দেশটি একে ইহুদিবিদ্বেষী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে এবং অভিযোগ করে, এর মাধ্যমে হামাসের যোদ্ধাদের পুরস্কৃত করা হয়েছে।
গত আগস্টে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডানপন্থি নেতা দে লা এসপ্রিয়েলা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। পেত্রোর আমলে বাতিল হওয়া দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি মঙ্গলবার পুনর্বহাল করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আগের সরকারের সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কে যে ক্ষতি হয়েছিল, তার বেশির ভাগই কাটিয়ে উঠেছে দুই দেশ। পাশাপাশি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে।
ইসরায়েল-কলম্বিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে উদ্যোগী হওয়ায় দে লা এসপ্রিয়েলাকে ধন্যবাদ জানান সার। বুধবার জেরুজালেমে দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা এসকোবার।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের পর আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, প্যারাগুয়ে ও সোমালিল্যান্ড।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗