ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় আগাছানাশক পান করার পর শফিকুল ইসলাম (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোববার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শফিকুল ইসলামের বাড়ি সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারীগাঁও গ্রামে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর মানসিক সমস্যা ছিল বলে পরিবারের দাবি। এর আগে তিনি একাধিকবার বিষপানের চেষ্টা করেছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহতের বড় ছেলে মোখলেছুর রহমান বলেন, গত শনিবার দুপুরে ধানখেতে আগাছানাশক ছিটিয়ে বাড়িতে ফেরেন বাবা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বসতবাড়ির একটি ঘরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর আমরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে বাবার মৃত্যু হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, শফিকুলের মৃত্যু নিয়ে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় আইনানুযায়ী লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর






