সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে বিশেষ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এসব কথা তুলে ধরেন এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।
তিনি উল্লেখ করেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা এসআরবি-১-এর দায়িত্বপ্রাপ্ত এলাকার আওতাভুক্ত। এসব অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়া ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য পুরো এলাকাকে নিশ্ছিদ্র তিন স্তরের নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
এসআরবি-১ অধিনায়ক আরও জানান, উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা বা প্রতিকূল পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে সংশ্লিষ্ট প্রতিটি এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য নিয়োজিত এবং প্রস্তুত রাখা হয়েছে।
