পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাটের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে স্থানীয় মানুষের সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বাউফল ফেরিঘাট এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।**
বাউফল ফেরিঘাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন। মতবিনিময়ে মাদক নির্মূল, সড়ক সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
পরে আদাবড়িয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটির নেতাদের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সাংগঠনিক ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা করেন তিনি।
সভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তাদের অভাব-অভিযোগ শুনে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে হবে। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সভায় মাদক প্রতিরোধ, যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে, মতবিনিময় সভা শেষে আদাবড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসেবে কবির হোসেনের নাম ঘোষণা করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
