দিল্লিতে ভারী বৃষ্টিতে জনজীবন বিঘ্নিত
আবহাওয়া দপ্তরের সতর্কতা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হয়েছে। সোমবার ১২ অক্টোবর সকালে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে যান চলাচলে ভোগান্তি দেখা দেয়।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, দিল্লি-এনসিআর অঞ্চলে বজ্রঝড়সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে জারি করা পূর্বাভাসে,পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দিল্লি-এনসিআর ( জাতীয় রাজধানী অঞ্চল ) অঞ্চলে বজ্রঝড়সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টিতে মধ্য দিল্লির করোলবাগের কাছে ঝান্ডেওয়ালান মন্দির এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এর আগে ১১ অক্টোবর যানজট, সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি এবং নিচু এলাকা ও রাস্তায় পানি জমার বিষয়ে সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর।
যাত্রী ও পথচারীদের যাত্রা শুরুর আগে যানজটের পরিস্থিতি যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং যেসব এলাকায় প্রায়ই জলাবদ্ধতা তৈরি হয়, সেগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৩ অক্টোবর দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ১৪ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ১৬ ও ১৭ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আগামী দিনগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
