প্রতিনিধি, হবিগঞ্জ · ১৯ অক্টোবর, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
দুর্গোৎসবের মহাঅষ্টমীতে হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাকে ঘিরে ভক্তদের সমাগম ঘটে। সোমবার (১৯ অক্টোবর) সকালে আয়োজিত এ পূজায় ১০ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করেন ভক্তরা। এ আয়োজন দেখতে মিশন প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
কৃত্তিকা চক্রবর্তীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি রাজেশ চক্রবর্তীর মেয়ে। নির্ধারিত ধর্মীয় আচার মেনে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পূজার আগে তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। পরে ফুল, সিঁদুরের তিলক ও আলতায় সাজিয়ে নির্দিষ্ট আসনে বসানো হয়। এরপর মন্ত্রপাঠ ও নানা উপাচারের মধ্য দিয়ে পূজা শুরু হয়।
সনাতন ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী, দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ পূজায় সাধারণত ৫ থেকে ১২ বছর বয়সী কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে আরাধনা করা হয়। হবিগঞ্জে এ আয়োজন ঘিরে সকাল থেকেই মিশন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শঙ্খধ্বনি ও উলুধ্বনির সঙ্গে ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে ওঠে পূজাস্থল।
দর্শনার্থীদের সমাগমের কথা বিবেচনায় রেখে মিশন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা ও সাদাপোশাকে নজরদারির ব্যবস্থাও রাখা হয়।
হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ বলেন, মিশনে ১০৫ বছর ধরে দুর্গাপূজা ও কুমারী পূজার আয়োজন করা হচ্ছে। এ পূজা দেখতে হবিগঞ্জের বাইরের বিভিন্ন জেলা থেকেও ভক্ত ও দর্শনার্থীরা আসেন।
গুগলে আমাদের খবর পেতে
