অনলাইন জুয়া খেলার অভিযোগে নেত্রকোনা এন আকন্দ আলিম মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম তাকিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৪ অক্টোবর) সকালে তার বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দিয়ে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার তাকি রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামিম বলেন, মাদ্রাসা শাখা সভাপতির বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় পদে থেকে শৃঙ্খলা ভঙ্গ করলে তার দায়ভার সংগঠন নেবে না।
নেত্রকোনা ডিবি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। পরে তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে তিনি জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অনলাইন জুয়া আইনে মামলা দিয়ে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
