সৌদি আরবগামী ফ্লাইট বাতিলের কারণে ঢাকার বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ ও শ্রমবিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার প্রেক্ষাপটে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার প্রবাসী শ্রমিক ঢাকার বিমানবন্দরে আটকা পড়েছেন। কোনো কোনো সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটকে পড়া যাত্রীর সংখ্যা প্রায় আট হাজার। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে।
মাওলানা খলিলুর রহমান বলেন, আটকে পড়া শ্রমিকদের সবাই সীমিত আয়ের মানুষ। ঢাকায় তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। দেশের অর্থনীতির প্রধান কারিগর এসব শ্রমিক ঢাকায় দুর্ভোগের মধ্যে সময় কাটাচ্ছেন। তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্লাইট বাতিলের কারণে শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় সরকারকে উদ্যোগ নিয়ে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
