রাজবাড়ীর পাংশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা হয়েছে।
আটক আরাফাত হোসেন পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল রোববার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আরাফাতের বসতঘরে এ অভিযান চালানো হয়। বসতঘর তল্লাশি করে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মিডিযা ইন পাকিস্থান’ লেখা রয়েছে।
এ ছাড়া আট রাউন্ড রিভলবারের গুলি এবং ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা আট রাউন্ড গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু এবং তিনটি পিতল দিয়ে তৈরি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেনের বিরুদ্ধে পাংশা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় একটি মামলা রুজু করেছেন।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/বিআরইউ
