সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটির আগের শেষ কর্মদিবসে বন্দর এলাকায় ব্যাপক ব্যস্ততা ছিল। শনিবার থেকে ছুটিতে যাচ্ছে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বুড়িমারী স্থলবন্দর।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত ছয় দিন বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৬ ও ২৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা আট দিন কার্যক্রম বন্ধ থাকবে।
ফলে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী শনিবার (২৪ অক্টোবর) থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ছুটির বিষয়ে উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে চিঠি বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ আট দিন বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
