২৩ অক্টো, ২০২৬ ৮:০৯:৫০ অপরাহ্ণ | ক্যাটাগরি: আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে সৌদি আরব তাদের জ্বালানি পরিবহনে বড় ধরনের পরিবর্তন এনেছে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে এখন থেকে প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হবে, যা আগে ছিল ২০ লাখ ব্যারেল। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্রগুলো থেকে উত্তোলিত তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পৌঁছানো হয়। সেখান থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করা সহজতর হওয়ায় হরমুজ প্রণালির ওপর চাপ অনেকাংশে কমছে।
তবে এই বিকল্প পথটি পুরোপুরি নিরাপদ নয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার পাশাপাশি লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালিতে তেল পরিবহন বন্ধের হুমকি দিয়ে আসছে। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক নৌপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইনের উপকূলে একটি তেলবাহী জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, শুক্রবার এ দুর্ঘটনার পর থেকে উপকূলের কয়েকটি সৈকত বন্ধ রাখা হয়েছে এবং তেল অপসারণের পাশাপাশি পরিবেশগত ক্ষতি প্রশমনে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
