নাটোরের বড়াইগ্রামে সবজি ক্ষেতের পাশের এক ঘাসের জমি থেকে কালু ওরফে রঞ্জু (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রঞ্জু ওই গ্রামের মৃত শরম প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে কৃষক শরীফ জমিতে সবজি তুলতে গিয়ে ঘাসের জমিতে নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জন্মপাগল ও সহজ-সরল রঞ্জুর এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো অপরাধ জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
