Published on
:
1 min read
এই সময়, আরামবাগ: সিজেপি র আন্দোলনে গেলে মিলবে দৈনিক ১০০ ডলার। সরকার বিরোধী আন্দোলন তৈরি করলে মিলবে আরও অর্থ। এ ভাবেই নাকি আরামবাগের কলেজ পড়ুয়াদের দেশবিরোধী আন্দোলনে নামানোর চেষ্টা চলছে বলে দাবি করলেন পুরশুড়া ও আরামবাগের বিজেপি বিধায়ক যথাক্রমে বিমান ঘোষ ও হেমন্ত বাগ। তার প্রমাণ হিসেবে হোয়ায়টস অ্যাপের স্ক্রিনশটও হাজির করেছেন তাঁরা। তাঁদের দাবি, সম্প্রতি পুরশুড়া বিধানসভার এক কলেজ পড়ুয়ার কাছ থেকে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। যদিও কোন নম্বর থেকে এই মেসেজ পাঠানো হয়েছে, সেটা জানানি তাঁরা।
সাংবাদিক বৈঠকে বিমান ঘোষ দাবি করেন, বিজেপি বিরোধী আন্দোলনে যোগ দিলে দৈনিক মাসে প্রায় ৯৬ হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, খুব শিগগিরই সমস্ত নথি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। সিপিএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় এ ব্যাপারে বলেন, ‘আসলে বিজেপি ভয় পেয়েছে। সারা ভারতজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, চাকরি নেই, শিল্প নেই, শিক্ষা ধ্বংসের পথে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ছাত্র, যুব সমাজ আজ পথে। সেখানে বিজেপি এ সব লোকজন তাদের আন্দোলনকে থামানোর জন্য অপপ্রচার চালাচ্ছে।’
