এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় একটি বিলে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে বিশাল আকৃতির একটি অজগর সাপ আটকা পড়েছে। অজগরটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে জেলের বাড়িতে শত শত উৎসুক নারী-পুরুষের ভিড় জমে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীর নিকটবর্তী একটি বিলে চায়না দুয়ারী রিং জাল পেতে প্রতিদিন মাছ ধরেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে জাল তুলতে গিয়ে জালের ভেতর বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি। পরে আশপাশের আরও কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন।
অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে শত শত উৎসুক নারী-পুরুষের ভিড় জমে যায়। এ সময় দর্শনার্থীদের অনেকেই অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
সাপটি দেখতে আসা জগবন্ধু রায় ও বাবুল শেখ বলেন, “অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট হবে। আমাদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে এসেছে। কারণ যে স্থানে সাপটি জালে আটকা পড়েছে, সেখান থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত।”
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত অথবা সংরক্ষণের জন্য প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
