ইন্টারনেটের বড় একটি অংশ সচল রাখতে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর তা সমাধানে তৎপর হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বড় প্রতিষ্ঠান। ত্রুটিগুলো প্রকাশ্যে আসার পর লাখ লাখ হ্যাকিং চেষ্টার তথ্য জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকার দ্রুত নিরাপত্তা হালনাগাদ বা প্যাচ ইনস্টল করার উদ্যোগ নেয়। এর আগে বুধবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়। একই সময়ে পিএইচপি ব্যবহার করে পরিচালিত ব্যবস্থাগুলো সুরক্ষিত করতে ব্যস্ত হয়ে পড়েন ওয়েবসাইট পরিচালনাকারীরা।
টোকিও থেকে হেলসিঙ্কি পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যাংকিং, বিমান, রেল, কর ও সরকারি সেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা কয়েক দশক ধরে ব্যবহৃত এই প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। ইন্টারনেট পরিচালনায় ব্যবহৃত প্রযুক্তির ওপর সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর গভীর নির্ভরশীলতাও সামনে এসেছে।
বৃহস্পতিবার জার্মানিতে এক অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, দীর্ঘ সময়ের মধ্যে তিনি এমন ঘটনা দেখেননি। তার মতে, প্রযুক্তিব্যবস্থা যত জটিল হচ্ছে, ততই নিরাপদে রক্ষণাবেক্ষণ করা যায়-এমন সফটওয়্যার তৈরির গুরুত্ব বাড়ছে। এ পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা দলের কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পিএইচপি হলো এইচটিএমএল ও পাইথনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা, যা অসংখ্য ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত হয়। এর নির্মাতারা বুধবার নিরাপত্তা ত্রুটিগুলো সমাধানে নতুন সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অনুসন্ধানের মাধ্যমে সফটওয়্যারটিতে বহু বছর ধরে থাকা ত্রুটিগুলো শনাক্ত করা হয়। ব্যবহারকারীদের অবিলম্বে সফটওয়্যার হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন নির্মাতারা।
বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স জানান, ত্রুটিগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে সংশোধনী প্রস্তুত হওয়ার আগেই। এরপর থেকেই এসব দুর্বলতা কাজে লাগিয়ে হামলার চেষ্টা শুরু হয় বলে খবর পাওয়া গেছে।
তিনি বলেন, ‘এআই ব্যবহার করে ত্রুটিগুলো কাজে লাগাতে সক্ষম আক্রমণকারীদের ঠেকাতে প্রতিষ্ঠানগুলো দ্রুত সফটওয়্যার হালনাগাদ করছে। মূল প্রতিযোগিতাটি এখন এ নিয়েই।’
ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী, ত্রুটি প্রকাশ্যে আসার পর হ্যাকিংয়ের চেষ্টা বেড়ে লাখের গণ্ডি ছাড়িয়ে যায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার আগের ১০ ঘণ্টায় তাদের নেটওয়ার্কজুড়ে এটি কাজে লাগানোর হাজারো চেষ্টা শনাক্ত হয়েছিল।
এ ঘটনায় গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সফটওয়্যার হালনাগাদ এবং দুর্বলতা শনাক্ত করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।
