Published on
:
1 min read
এই সময়, বরাবাজার: মামাবাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হলো বছর দুয়েকের এক শিশুকন্যা সৃষ্টি মাহাতোর দেহ। পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার মজিরামডি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে সৃষ্টির মামাবাড়ির পাশের এক পরিত্যক্ত কুয়োয় তার দেহ দেখতে পান পরিবারের লোক। খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ এই গ্রামে গিয়ে দেহটি উদ্ধার করে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, সৃষ্টিদের বাড়ি ঝাড়খণ্ডের পটমদা থানা এলাকার গড্ডী গ্রামে। মনসা পুজোর সময়ে মায়ের সঙ্গে সে এসেছিল বরাবাজারের মজিরামডি গ্রামে মামাবাড়িতে। এ দিন ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে সৃষ্টিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলেন তার মা কণিকা মাহাতো। তাকে কিছুটা দূরে বসিয়ে রেখে যান মা।
সেই সময়ে পাশে থাকা পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যায় ওই শিশুকন্যা। গ্রামবাসীর ধারণা, শিশুটি হামাগুড়ি দিয়ে বা হেঁটে ওই পরিত্যক্ত কুয়োর ধারে চলে গিয়েছিল। টাল সামলাতে না–পেরে তার মধ্যে পড়ে যায়। বরাবাজার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের জন্য ওই শিশুকন্যার দেহ পাঠানো হয়েছে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
