গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুরে অবস্থিত ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
প্রথমে কারখানার শ্রমিক ও লোকজনসহ আগুন নিয়ন্ত্রণ কাজ করে। পরে আগুন বিস্তার লাভ করলে। পাশের নিট এশিয়া কারখানার দমকল বাহিনী আগুন নিভাতে চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ আশেপাশের আরো ২টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালাচ্ছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান, ইবনে সিনা ন্যাচারাল মেডিকেল ঔষধ কোম্পানিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের ৬টি ইউনিট কাজ করছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এতে একজন শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ ও আগুন লাগার কারন জানা যায়নি।
