পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে সৌদি আরবকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার, ১২ অক্টোবর রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবের পাশে থাকার কথা জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, মক্কা ও মদিনা বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক। এ দুই পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ নীরব থাকবে না, বরং সৌদি আরবকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বিষয়টির সঙ্গে মুসলমানদের ধর্মীয় অনুভূতিও জড়িয়ে আছে বলে উল্লেখ করেন তিনি। তবে ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। ফলে এই মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্ন উঠছে না বলে স্পষ্ট করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে। এ ধরনের হামলা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথের যোগাযোগেও। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংস্থাটি বলেছে, ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের সহযোগিতাও চেয়েছে বিমান বাংলাদেশ।
এর আগে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ রুটের বিজি-৫৩৯ ও ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছিল। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছিল। দাম্মামগামী ফ্লাইটটি ১২ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে স্থগিত করা হয়।বিমান বাংলাদেশ জানিয়েছিল, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচির হালনাগাদ তথ্য মঙ্গলবার, ১৩ অক্টোবর দুপুর ১২টার দিকে জানানো হবে।
The post রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত, ‘মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ’ appeared first on Mohona Tv.
