ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও ৫০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় মদ ও গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।
