জার্মান সংস্কৃতি উদযাপন এবং বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় অক্টোবরফেস্ট ২০২৬ আয়োজন করেছে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। শনিবার (১০ অক্টোবর) জার্মান দূতাবাসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এতে কূটনীতিক, ব্যবসায়ী নেতা, বিজিসিসিআইয়ের সদস্য এবং জার্মান ও ইউরোপীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ, জার্মানি ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
বিজিসিসিআইয়ের সভাপতি মো. রোকনুজ্জামান তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে চেম্বারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে ফিতা কাটা ও ফলক উন্মোচন করা হয়। এ ছাড়া ঐতিহ্যবাহী জার্মান রীতিতে প্রোস্ট বলে পানীয় পানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে অতিথিরা গ্যেটে-ইনস্টিটিউটের দলের পরিবেশনায় বাভারীয় সংস্কৃতিভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর নেটওয়ার্কিং পর্ব ও নৈশভোজের আয়োজন করা হয়।
আয়োজক কমিটির চেয়ারম্যান আদনান মো. ইকবালের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিজিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের কো-চেয়ারম্যান কে. নাগারাজ ধন্যবাদ জ্ঞাপন করেন।
অক্টোবরফেস্ট ২০২৬ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্ব জোরদার, দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিজিসিসিআই।
জার্মান দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের প্রসার এবং বাংলাদেশ ও জার্মানির জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে।
