প্রকাশিত: ২২:২৬, ১৭ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:২৮, ১৭ অক্টোবর ২০২৬
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পুজোয় বড় অঘটন ঘটলো। শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান এলাকায় মন্ডপ ভেঙে পড়ার আশঙ্কায় হুড়াহুড়ির মধ্যে পদপিষ্ট হয়েছে শতাধিক মানুষ। অন্তত ২৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চোরবাগান সর্বজনীনের পুজোয় অতিরিক্ত ভিড় হয়েছিল বলে জানাচ্ছেন দর্শনার্থীরা। ভিড় এবং গরমের কারণে সমস্যা তৈরি হয়েছিল। দর্শনার্থীদের অনেকে জানাচ্ছেন, এই মণ্ডপে ঢোকার রাস্তা বেশ খানিকটা সরু। ফলে হঠাৎ অনেকটা ভিড় হয়ে গেলে জটলা তৈরি হয়।
এই পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে পুজোমণ্ডপের দরজা। একাধিক অ্যাম্বুলেন্সে আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।
