ছবি: সংগৃহীত
-->নিজেদের মাঠে দাপট, বিদেশে গেলেই ব্যাটিং বিপর্যয়। বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে এই চিত্র যেন নিয়মিত হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায়ের পর সেই সমস্যার কথাই সামনে আনলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, বিদেশের মাটিতে ব্যাটারদের ব্যর্থতার অন্যতম কারণ মানসিকতার ঘাটতি। কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্যও বাড়াতে হবে দলকে।
ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটিং ছিল হতাশাজনক। জিম্বাবুয়ের বিপক্ষে ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে সংগ্রহ করে মাত্র ১৬০ রান। জবাবে মাত্র তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
দলের এমন পারফরম্যান্সে ব্যাটিং ইউনিটের ব্যর্থতাকেই বড় করে দেখছেন হৃদয়। হৃদয় বলেন, ‘এটা স্পষ্ট যে শেষ দুটি ম্যাচে ব্যাটাররা খুবই খারাপ করেছে এবং এর খেসারত পুরো দলকে দিতে হয়েছে। আমাদের ব্যাটিং বিভাগ যৌথভাবে ব্যর্থ হয়েছে। আমরা বিদেশের মাটিতে ভালো করতে পারছি না, অথচ ঘরের মাঠে বেশ দাপটের সাথেই একাধিক সিরিজ জিতেছি। বিশেষ করে বিদেশের মাটিতে খেলার সময় আমাদের ব্যাটিং বিভাগের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন।’
আরও পড়ুন
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল আরও স্পষ্ট। সপ্তম ওভারের মধ্যেই ২৮ রানে চার উইকেট হারায় দল। শুরুতেই ধাক্কা সামলাতে পারেননি ব্যাটাররা।
এ বিষয়ে হৃদয় বলেন, ‘সমস্যাটা মূলত মানসিকতায়। আমি মনে করি এখানে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। পেশাদার খেলোয়াড় হিসেবে বিভিন্ন পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ের প্রায় সব কটি অ্যাওয়ে ম্যাচই আমরা হেরেছি। আন্তর্জাতিক ক্রিকেটে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে সফল হওয়া অত্যন্ত কঠিন।’
আরও পড়ুন
তিনি আরও বলেন,‘এমনও কিছু মুহূর্ত আসে-যেমন শুরুতে বা পরপর কয়েকটি উইকেট পড়ে গেলে ইনিংস সামলে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকা প্রয়োজন। কিন্তু আমাদের ক্ষেত্রে ধস শুরু হলে একসাথেই সবাই ভেঙে পড়ে। কঠিন পরিস্থিতিতে দল সামলে নিতে অন্তত এক বা দুজন খেলোয়াড়কে দায়িত্ব নেওয়া অত্যন্ত জরুরি।’
পরিসংখ্যানও বাংলাদেশের দুর্বলতা তুলে ধরছে। চলতি বছর বিদেশের মাটিতে পাঁচটি ওয়ানডে খেলে চারটিতে হেরেছে দল। জয় পেয়েছে মাত্র একটিতে। অন্যদিকে ঘরের মাঠে নয় ম্যাচে ছয়টি জয় রয়েছে বাংলাদেশের। ২০২৩ সালের মে মাসে আয়ারল্যান্ডকে হারানোর পর বিদেশের মাটিতে আর ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
আরও পড়ুন
পাপ্পু/
