শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
-->রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী মোড় ভোর সাড়ে ৫টার দিকে ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান।
আরও পড়ুন
একই ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী।
পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্তরা/
আরও পড়ুন
রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট রবিবার পর্যন্ত স্থগিত
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিমানের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন
জনসংযোগ বিভাগ জানায়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে গত পাঁচ দিনে এ পর্যন্ত ৪২টি সরাসরি ফ্লাইট এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৮টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইনসের; ভারতীয় এই এয়ারলাইনসের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।
এ ছাড়া ইমিরেটস এয়ারলাইনসের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত শনিবার থেকে ইয়েমেনি হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায় দফায় হামলা চালায়। হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন এবং আহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন।
আরও পড়ুন
লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বৃষ্টির আভাস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত
-->দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ।
অন্তরা/
আরও পড়ুন
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত
-->মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ (শুক্রবার)।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন মুখর থাকবে পূজামণ্ডপগুলো।
প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গাপূজা একদিন বেড়ে চলবে ছয়দিন ধরে। এ হিসাবে আগামী শনিবার মহাসপ্তমী, রবিবার মহাসপ্তমী (অধিক পূজা), সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী শেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।
আরও পড়ুন
এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় করে। বিদায় নেবেন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন আজ। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে উদযাপিত হচ্ছে রেকর্ড সংখ্যক দুর্গাপূজা। এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা ৩টি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।
তামান্না রুপা/
আরও পড়ুন
অভ্যুত্থানের পর পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম
আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম
ফাইল ছবি
-->জুলাই আন্দোলনের পর সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৪৭ কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাদের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানকেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার কারণে এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
এ ছাড়া অভ্যুত্থানসংশ্লিষ্ট বিভিন্ন ফৌজদারি মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ট্রাইব্যুনালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন চাকরিচ্যুত হয়েছেন, বাকি আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। এ ছাড়া পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।
সভায় পুলিশের মনোবল ফেরানো, বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের দায়িত্ব পালনে বাধা ও হয়রানির বিষয়েও আলোচনা হয়। পুলিশের মনোবল বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এদিকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের সুপারিশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
