সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে একটি বৈদ্যুতিক বোর্ড, বিদ্যুতের মিটার ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ঢাকা পোস্টকে বলেন, আমার কক্ষের বিপরীত পাশে একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। বোর্ডটির ভেতরে পাখি খড়কুটো দিয়ে বড় বাসা তৈরি করেছিল। সেখানে বৈদ্যুতিক তারগুলোও এলোমেলো অবস্থায় ছিল। আগুন লাগার পরপরই কার্যালয়ের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভান। আমাদের অনেকগুলো অগ্নিনির্বাপক যন্ত্র ছিল, তা না থাকলে বড় ক্ষতি হয়ে যেতে পারতো।
তিনি আরও বলেন, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পারভেজ আহমেদ বলেন, ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কার্যালয় বন্ধ থাকায় ওই সময় সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। ফলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
মো. নাজমুল হাসান/এমটিআই
