ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের খাদ্য, অর্থনীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে শাকসবজির বীজ, সার, নগদ অর্থ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে নগদ অর্থও প্রদান করা হয়।
এ সময় কোন্ডা ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে জিআর-এর নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ফলদ ও বনজ গাছ মানুষের খাদ্য ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা, কৃষকদের মধ্যে বীজ ও সার এবং দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
