চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, তিনটি সেতু ও আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সরকার সব ধর্মের মানুষের পাশে আছে এবং সবার অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
শনিবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বরগুনা জেলার উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ তিনটি সেতু নির্মাণ এবং একটি আবহাওয়া অফিস স্থাপনের আশ্বাস দেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার যোগাযোগব্যবস্থা ও আবহাওয়াসংক্রান্ত সেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

