ম্যাচ-পরবর্তী অনুশীলনে চোট পেয়েছেন পিয়েরো ইনকাপিয়ে ও মার্তিন সুবিমেন্দি।
Published : 13 Oct 2026, 01:07 AM
Updated : 13 Oct 2026, 01:07 AM
প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের জয়ের পর, ম্যাচ-পরবর্তী অনুশীলনে চোট পেয়েছেন পিয়েরো ইনকাপিয়ে ও মার্তিন সুবিমেন্দি। দলটির কোচ মিকেল আর্তেতা বলছেন, ক্লাবে সাত বছরের অধ্যায়ে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হননি।
গত শনিবার এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে জয়ের পর, সেই সব খেলোয়াড়দের জন্য একটি অনুশীলন সেশন আয়োজন করা হয়, যারা লিডসের বিপক্ষে খেলেননি অথবা পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না। সেখানেই চোট পান ওই দুজন।
২৪ বছর বয়সি ডিফেন্ডার ইনকাপিয়ে লিডসের বিপক্ষে ম্যাচের ৮২তম মিনিটে বদলি নামেন, আর ২৭ বছর বয়সি ডিফেন্সিভ মিডফিল্ডার সুবিমেন্দি মাঠে নামার সুযোগ পাননি। মঙ্গলবার লিলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই দুজনের খেলা নিয়ে রয়েছে সংশয়।
তাদের ব্যাপারে সোমবার সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, “যারা খেলার সময় কম পেয়েছিল, তাদের জন্য ম্যাচের পর একটি অনুশীলন সেশনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক দুটি ঘটনায় আমরা দুজন খেলোয়াড়কে হারালাম। (চোটের) অবস্থা বোঝার জন্য তাদের আরও কিছু স্ক্যান করা হবে এবং তখনই জানা যাবে কতদিনের জন্য তারা মাঠের বাইরে থাকবে।”
চোট এড়াতে কী করা যেত-গণমাধ্যমের এমন প্রশ্নে আর্তেতা মজার ছলে বলেন, ওই দুজনের অনুশীলন না করাই ভালো ছিল!
“কখনও অনুশীলন না করালে তারা চোটে পড়ত না। তবে এর ফলে যা হতো, সেটা হলো, যখন তাদের খেলার জন্য বলা হতো, তখন তাদের খেলায় কোনো ছন্দ বা ম্যাচে কোনো প্রভাব থাকত না।
“এখানে আমার সাত বছরের সময়ে এমনটা কখনও ঘটেনি। পরের দিনের অনুশীলন সেশনেও এমনটা ঘটতে পারত। ঘটনাটি ঘটে গেছে এবং আশা করি, আর ঘটবে না; কিন্তু কী-ই বা করার আছে?”
চলতি মৌসুমে ইনকাপিয়ে বদলি হিসেবে প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলেছেন, তবে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে জয়ের ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন।
আর সুবিমেন্দি মূলত বদলি খেলোয়াড় হিসেবেই খেলেছেন; প্রিমিয়ার লিগে তিনি পাঁচ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন।
