

ছবি:সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য নিশ্চিত করেন।
হামলার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তাঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।
সৌদি সিভিল ডিফেন্স জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আবহা ও পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। পরে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথক বার্তায় ওই এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়। আক্রান্ত এলাকাগুলোতে অপ্রয়োজনীয় জটলা না করা এবং কোনো ধরনের ভিডিও বা ছবি ধারণ করা থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ পরে ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, থাইল্যান্ড উপকূল থেকে ইতোমধ্যে লঘুচাপটি আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আন্দামান সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের মডেল জিএফএস অনুযায়ী, এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অক্টোবরের শেষ দিকে। ২৩ অক্টোবর এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে আরও শক্তিশালী হয়ে এটি ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মডেল অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। আগামী ২৭ অক্টোবর রাতের দিকে এটি ভুবনেশ্বরের কাছাকাছি আঘাত হানতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার বিশ্ববিখ্যাত প্ল্যাটফর্ম উইন্ডিডটকমের রিয়েল টাইম আবহাওয়া পর্যবেক্ষণে দেখা গেছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ইউরোপিয়ান মডেল ইসিএমডব্লিউএফ অনুযায়ী, ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরি হবে। ২৬ অক্টোবর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৮ অক্টোবর দুপুরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন এলাকায় এটি স্থলভাগে ঢুকতে পারে। যেভাবে ঝড়ের নামকরণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের (বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইয়েমেন ও ইরান) দেওয়া নামের একটি পূর্বনির্ধারিত ক্রম তালিকা থেকে সিরিয়াল অনুযায়ী নামকরণ করা হয় ঘূর্ণিঝড়ের। যখন কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে সাইক্লোনিক স্টর্মের রূপ নেয়, তখন এই তালিকা থেকে নাম ব্যবহার করা হয়। এই তালিকা অনুযায়ী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ ‘সমুদ্র’ বা ‘সাগর’। সূত্র: সংবাদ প্রতিদিন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত বহু মানুষ
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের এক পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩৯টি ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। নিখোঁজ ও আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তার জন্য ইতোমধ্যেই তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভূকম্পন শুরু হতেই রেস্তোরাঁ থেকে আতঙ্কিত মানুষজন ছোটাছুটি করে বাইরে বেরিয়ে আসছেন। সুপারমার্কেটগুলোর শেলফ থেকে হুড়মুড় করে পণ্য নিচে পড়ে যেতে দেখা যায়। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসেও তিব্বতের গ্রামীণ এলাকা তিংশি কাউন্টিতে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আগস্টে দেখা দেওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ১,৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়। সেই প্রাণঘাতী বন্যার উৎপত্তিস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি এলাকা, যা নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বহু ঘরবাড়ি ও ভবন ভাসিয়ে নিয়ে যায়। এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এটি অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে আঘাত হানে।

ছদ্মবেশে পিতার জানাজায় ছিলেন মোজতবা খামেনি, প্রকাশ্যে আসবেন যেদিন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের এক কূটনীতিক। গত জুলাই মাসে সমাপ্ত হওয়া প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে সরাসরি মোজতবা খামেনির অনুপস্থিতি থেকে শুরু করে দীর্ঘদিনের জনসম্মুখে না আসা ঘিরে তার শারীরিক অসুস্থতা ও হত্যাকাণ্ডের আশঙ্কার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আব্দুল মজিদ হাকিম ইলাহি সাফ জানিয়ে দিয়েছেন যে, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। ডক্টর আব্দুল মজিদ হাকিম ইলাহি জানান, অতি সম্প্রতি বা গত সপ্তাহেও মোজতবা খামেনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টাব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তিনি অত্যন্ত চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং খুব সুন্দরভাবে তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমনকি আমাদের প্রেসিডেন্টও উল্লেখ করেছেন যে গত সপ্তাহে তার সঙ্গে সর্বোচ্চ নেতার সাত ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের পার্লামেন্টের স্পিকার গতকাল বলেছেন যে তিনি তার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন। আমার বেশ কয়েকজন বন্ধুও তার সঙ্গে দেখা করেছেন এবং তারা আমাকে নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি পুরোপুরি সুস্থ আছেন ও নিজের কাজ খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছেন। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ছয় মাস আগে বাবা আলি খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হয়। উক্ত হামলায় মোজতবা নিজেও আহত হন বলে জানা যায় এবং এরপর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। মূলত লিখিত বার্তার মাধ্যমেই এতদিন তার যোগাযোগ সীমাবদ্ধ ছিল। বাবার দাফন অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়েও বিভ্রান্তি দূর করেন এই ইরানি কূটনীতিক। তিনি দাবি করেন, মোজতবা সেখানে উপস্থিত ছিলেন না; এমন খবর সত্য নয়। তিনি বলেন, নিরাপত্তাজনিত নতুন নিয়মের কারণে তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি এবং কেউ তাকে সেভাবে দেখতে পায়নি। তবে তিনি তার বাবার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। ওই সময় আমি ইরানেই ছিলাম এবং তাঁর দুই ভাইয়ের সঙ্গে দেখাও করেছি। মোজতবা খামেনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। এমনকি কিছু রাতে তিনি রাজপথেও নেমে আসেন, সাধারণ মানুষের মিছিলে অংশ নেন এবং সবকিছু খুব সুন্দরভাবে সামলাচ্ছেন।

রিয়াদে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ বাসিন্দাদের
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ছাড়া, যারা বাইরে রয়েছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়ার অথবা শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে, কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে কয়েকটি অঞ্চলে সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি জানান। এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা পাঠায় সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই বার্তা প্রচার করা হয়। এতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি নিরাপত্তা নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ করে। একই সঙ্গে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় অপ্রয়োজনে জড়ো হওয়া এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়। এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির ঝুঁকি কমে আসায় অল্প কয়েক মিনিটের মধ্যেই ওই সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলের আভা শহর এবং এর কাছাকাছি খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এসব এলাকায় জারি করা বিপদসংকেত প্রত্যাহার করে নেয় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং সম্ভাব্য বিপজ্জনক স্থান এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে ঘটনাস্থলে ভিড় করলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হতে পারে-এ কারণে ছবি ও ভিডিও ধারণের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।


