মণ্ডপে 'মহাভারত'-এর দৃশ্যEi Samay
Published on
:
1 min read
এই সময়, রায়গঞ্জ: পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে একবার মহাভারত ঝালিয়ে নিলে মন্দ হয় কি? এ বার এমনই সুযোগ করে দিয়েছে রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব কমিটি। ৭৬তম বর্ষে এই পুজোর থিম 'মহাভারত'। মণ্ডপে মহাকাব্যের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ঘটনাগুলিকে রং-তুলি এবং প্লাস্টার অফ প্যারিসের মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে শ্রীকৃষ্ণের অর্জুনকে নিজের ধর্ম এবং কর্মের জ্ঞানের মাধ্যমে নিজের কর্তব্য স্মরণ করানোই হোক, কিংবা পিতামহ ভীষ্মের শরশয্যা- সবটাই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। এ ছাড়াও পাণ্ডব এবং কৌরবদের পাশাখেলা, দ্রৌপদীর বস্ত্রহরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে। সবমিলিয়ে এমন ৫২টি মডেল থাকছে মণ্ডপজুড়ে। এ ছাড়াও মণ্ডপে থাকছে দু'টি বড় রথ।
উদয়পুর বারোয়ারি মন্দির কমিটি জানিয়েছে, এ বছর মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন রায়গঞ্জের পিরোজপুরের শিল্পী ধনেশ্বর বর্মন। সাবেকি ধাঁচের প্রতিমা গড়েছেন বালুরঘাটের মৃৎশিল্পী পাপাই পাল। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন হেমতাবাদের রফিকুল ইসলাম। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই থিমের মাধ্যমে মহাভারতের কাহিনি থেকে প্রাপ্ত শিক্ষা, নৈতিকতা এবং মূল্যবোধ বর্তমান সমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা।
মন্দির কমিটির সভাপতি ধ্রুব সাহা জানান, অষ্টমীতে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বাইরের ও স্থানীয় শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধ্রুব বলছেন, 'মহাভারতে শ্রীকৃষ্ণের দেখানো কর্তব্য এবং ধর্মের পথ আজও সমান ভাবে প্রাসঙ্গিক। সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় কিছুটা হলেও দূর করা সম্ভব। তাই এই থিমের মধ্য দিয়ে আমরা নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের বার্তা তুলে ধরতে চেয়েছি।' তাঁর আশা, 'আমাদের থিম দর্শনার্থীদের নজর কাড়বে।' আজ, বৃহস্পতিবার পঞ্চমীতে উদ্বোধন হবে এই পুজোর।