গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. হাবিবুল ইসলাম। তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মিয়ার মৃত্যু হয়।
নিহত আজিজুল মিয়া ও অভিযুক্ত বড় ভাই জসিজল হক ওরফে ডিপটি আপন ভাই। তাদের বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসবপুর গ্রামে।
আরও পড়ুন
ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) জসিজল হক বাড়ির সীমানা ঘেঁষে একটি পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। ওই দিন দুপুর ১টার দিকে ছোট ভাই আজিজুল মিয়া সীমানা নিয়ে আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন জসিজল। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. হাবিবুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
