ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন ইউএনও রিপামনি দেবী।
আল আমীন কবির, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
তাহিরপুরের মাটিকাটা স্টিল ব্রিজ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান ইউএনও।
পরিদর্শনকালে ইউএনও রিপামনি দেবী বলেন, ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া স্থায়ী সমাধানের লক্ষ্যে সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বড়ছড়া শুল্ক স্টেশনের সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া, আমানুল্লাহ আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম মাটিকাটা স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ব্রিজটি দ্রুত সংস্কারের পাশাপাশি স্থায়ী সমাধান হিসেবে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
স্থানীয়দের আশা, ইউএনওর নেওয়া উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

