ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনার জেরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাতব্বর আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে গরুতে জমির ধান খাওয়ার প্রতিবাদ করায় আনু মন্ডলের সমর্থক প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে মারধর করে বকুল বিশ্বাসের লোকজন। এই ঘটনায় আনু মন্ডল ও বকুল বিশ্বাসের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৭ জন।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
