ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫
আসাদুজ্জামান বাবুলপ্রকাশ:
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘোষেরচর ও ফকিরকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদে মাইকিং ও টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের ঘোষেরচর ও ফকিরকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বিকেলে ফুটবল খেলা চলাকালে দুই গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফকিরকান্দি গ্রামের লোকজন ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে হান্নান মোল্লাকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন মসজিদে মাইকিং করেন। পরে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
রাত সোয়া ১১টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আমিনুল ইসলাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
