ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে দেশের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী কুমারী পূজা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
কায়সার কামাল বলেন, বাংলাদেশের সৌন্দর্য ও শক্তি নিহিত রয়েছে মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দুর্গাপুরসহ এ অঞ্চলে গারো, হাজং, হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি, সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো সবার নৈতিক দায়িত্ব।
ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, প্রত্যেক ধর্মই মানুষকে নৈতিকতা, মানবিকতা, ভালোবাসা ও কল্যাণের শিক্ষা দেয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভিন্নতা থাকলেও মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা সব ধর্মেই রয়েছে। এসব মানবিক শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
এ সময় মায়েদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং সুশিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান তিনি। কায়সার কামাল বলেন, একটি শিশুর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষিত মা শিক্ষিত পরিবার ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
