সৌদির রিয়াদে হুতিদের হামলায় নিহত কুমিল্লার মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি, ভিডিও কলে শান্তনা নিলেন নাহিদ ইসলাম
ব্যুরো চিফ কুমিল্লা
- আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩০০ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টে নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে আজ কুমিল্লায় নিহতের বাড়িতে বাদ জুমা সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহবায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও মোহাম্মদ ইফতেখারুল ইসলাম কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, ন্যাশনাল উলামা অ্যালায়েন্স।
এ সময় এনসিপির কুমিল্লা জেলা ও লাকসাম উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিবারের সদস্যরা জানান, মরহুমের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করতে মুফতি নাসরুল্লাহর ভগ্নিপতি ইতিমধ্যে সৌদি আরবে উপস্থিত হয়েছেন।
মরহুমের তিন শিশুসন্তানের খোজ নেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। তিনি বলেন, নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসায় পড়াকালীন সময় আমাদের চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হত হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় দীর্ঘ সময় মুতালা করতে দেখতাম। কখন ফজর পড়ে উঠে দেখেছি সারারাত কিতাব নিয়ে বসে আছেন। তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটার জন্য। আল্লাহ তায়ালা তার ইহরামের কাপড়কে কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে আজীবনের জন্য তার ঘরের মেহমান বানিয়ে নিয়েছেন।
এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। বড় ভাই মুফতি আহসানুল্লাহকে নাহিদ ইসলাম বলেন, মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তায়ালা কবুল করেছেন। আপনারা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন নিশ্চয়ই আপনারা এর উত্তম প্রতিদান পাবেন।
নেতৃবৃন্দ মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর পরিবারকে ধৈর্যধারণের তৌফিক প্রার্থনা করেন।
